ঢাকা | খ্রি.

মঞ্চে বোতল ছোড়ার ঘটনায় ক্ষমার আহ্বান জানালেন হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং | Photo Card
মঞ্চে বোতল ছোড়ার ঘটনায় ক্ষমার আহ্বান জানালেন হাসান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : একই সঙ্গে ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন অপ্রীতিকর পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ঘটনার পরদিন বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি কনসার্টে গান পরিবেশন করে ব্যান্ড আর্ক। এরপর শুক্রবার সকালে ঢাকায় ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের ঘটনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন হাসান।

দীর্ঘ সংগীতজীবনে এমন ঘটনার মুখোমুখি আগে কখনো হননি জানিয়ে তিনি বলেন, বিষয়টি তার কাছে অত্যন্ত অপ্রত্যাশিত। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত থাকার সময়ে নানা অভিজ্ঞতা হলেও মঞ্চে শিল্পীর দিকে বোতল ছোড়ার ঘটনা তিনি আগে দেখেননি বা কল্পনাও করেননি।

তবে ঘটনার জন্য কাউকে কঠোরভাবে দোষারোপ না করে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখতে চান হাসান। তার বিশ্বাস, যে ব্যক্তি বোতল ছুড়েছে, সে হয়তো বিষয়টি না বুঝেই এমন কাজ করেছে।

নিজের প্রতি ঘটে যাওয়া ঘটনাটি ক্ষমার চোখে দেখলেও অন্য কোনো শিল্পী যেন ভবিষ্যতে একই পরিস্থিতির শিকার না হন, সেটিই তার প্রধান প্রত্যাশা। হাসানের মতে, শিল্পীরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নন; তারা দেশের সব মানুষের জন্য গান করেন।

তিনি বলেন, কনসার্টে আসা দর্শকদের মনে রাখতে হবে, শিল্পীরা দেশের এবং সবার। মানুষের ভালোবাসার বিনিময়েই তারা গান করেন। তাই কোনো শিল্পীকে অসম্মান করা কিংবা এমন কোনো পরিস্থিতিতে ফেলা উচিত নয়, যা তার জন্য অপ্রীতিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।

এদিকে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন বা বিচার করার প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আর্কের এই ভোকালিস্ট।

হাসানের ভাষ্য, একজন শিল্পীকে কয়েক বছর বা নির্দিষ্ট সময়ের জন্য শিল্পী হিসেবে দেখা উচিত নয়; শিল্পীসত্তা আজীবনের। সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক বিভিন্ন আয়োজনে শিল্পীদের অংশ নিতে ও গান গাইতে হয়। কিন্তু এর ভিত্তিতে কোনো শিল্পীর রাজনৈতিক পরিচয় নির্ধারণ বা তাকে বিচার করা ঠিক নয়।

মানুষের প্রতি ভালোবাসা থেকেই শিল্পীরা গান পরিবেশন করেন উল্লেখ করে হাসান বলেন, তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স