নিউজ বাংলা ডেস্ক : নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (২২ আগস্ট) নাটোরের কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর (আংশিক) ফিডারের আওতাভুক্ত এলাকায় নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, বড়বড়িয়াসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধা হতে পারে। এ জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী বিদ্যুৎ বন্ধ রাখার সময় নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা কম-বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।