শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি সমতল বেড়েছে। একই সময়ে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল কমেছে। তবে আগামী তিন দিন এসব নদীর পানি আবার বাড়তে পারে।
এ কারণে আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু এলাকায় তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু জায়গা সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি সমতল কমেছে। আগামী তিন দিনে এসব নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী দুই দিনও এই অবস্থা বজায় থাকতে পারে। এরপর পরবর্তী তিন দিনে এসব নদীর পানি সমতল বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে উল্লেখিত নদীগুলোর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এই নদীগুলোর পানি সমতল আরও হ্রাস পেতে পারে।
নিউজ বাংলা চ্যানেল