ঢাকা | খ্রি.

খালেদা জিয়াই বিএনপিকে গণতান্ত্রিক দলে রূপ দিয়েছেন: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং | Photo Card
খালেদা জিয়াই বিএনপিকে গণতান্ত্রিক দলে রূপ দিয়েছেন: মির্জা ফখরুল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীসহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। শনিবার নয়াপল্টনে আয়োজিত কর্মসূচিতে দলটির সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, এই দিনটি তাদের জন্য আনন্দের, কারণ এই দিনেই এমন একজন নেত্রীর জন্ম হয়েছিল, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর নেতৃত্বে সংগ্রামের মধ্য দিয়ে দেশে বারবার গণতন্ত্র ফিরেছে এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার আন্দোলন এগিয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বিএনপি একটি সত্যিকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দলে পরিণত হওয়ার পেছনে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর ভাষায়, বিএনপির আজকের অর্জনের ‘মূল কারিগর’ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নিজের অবস্থানে আপস না করে দলকে ধারণ করা এবং নেতাকর্মীদের স্বীকৃতি দেওয়ার যে ভূমিকা খালেদা জিয়া পালন করেছেন, তিনি আজ তাদের মাঝে নেই। তবে তাঁর আদর্শ ও অনুপ্রেরণা এখনো দলকে পথ দেখাচ্ছে।

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপিকে আরও শক্তিশালী ও প্রকৃত গণতান্ত্রিক দলে পরিণত করার শপথ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এমন একটি দল গড়ে তোলার প্রত্যয়ও জানান, যে দল বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখবে।

তিনি বলেন, বিএনপি এখন সরকার গঠন করেছে। তাই জনগণের প্রত্যাশা, খালেদা জিয়ার নীতি ও তাঁর ঘোষিত ভিশন-২০৩০ বাস্তবায়নে সরকার কাজ করবে। পরবর্তীতে দলের কর্মসূচি হিসেবে নেওয়া ৩১ দফাও বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে দলকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার কথাও বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক ও আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বিকেলে রুহুল কবীর রিজভী আহমেদকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স