ঢাকা | খ্রি.

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং | Photo Card
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পদত্যাগের পর দলের মহাসচিব পদটি শূন্য হয়। সেই শূন্য পদে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীকে দায়িত্ব দেওয়া হলো।

এর আগে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কুড়িগ্রাম জেলার সন্তান রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।

ছাত্রজীবনের শুরুতে বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদকও ছিলেন। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হলে তিনি সংগঠনটিতে যোগ দেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একপর্যায়ে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। এবার দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বও পেলেন তিনি।

রিজভীর নতুন দায়িত্বের মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স