উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে সফর উপলক্ষে দাওয়াত। প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সফরের প্রস্তুতি দেখতে ইতোমধ্যে পাকুন্দিয়া পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম।
তাদের সঙ্গে পরিদর্শনে ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস এবং পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান। প্রধানমন্ত্রীর সফরের নির্ধারিত বিভিন্ন স্থান ঘুরে দেখেন তারা।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ আগস্ট রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। পরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর তিনি যাবেন কটিয়াদী উপজেলায়। সেখানে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের পর আছমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত ১৪ জন উদ্যোক্তার হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হবে।
পরবর্তী সময়ে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন এবং গাছের চারা বিতরণ করবেন।
এসব কর্মসূচি শেষে জেলা সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি ও দুপুরের খাবারের সময় নির্ধারিত রয়েছে।
বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ পৌরসভার পুরনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। পরে একই মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, আগামী ১৬ আগস্ট কটিয়াদী উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এর আগে পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
জালাল উদ্দীন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তার কারণে তাকে একনজর দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন বলে তারা আশা করছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল