নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পক্ষে ভোট দিতে বিএনপির সংসদ সদস্যদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন দলটির রাষ্ট্রপতি প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় কয়েক দফা কান্নায় ভেঙে পড়েন তিনি। তার বক্তব্যে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বলে সভায় উপস্থিত সংসদ সদস্যরা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি দুপুর ২টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।
সভায় বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। দলের প্রতি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বছরের পর বছর তার ওপর আস্থা রেখে বিভিন্ন দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।
বিএনপির সঙ্গে নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে ফখরুল বলেন, তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে কোনো ভুল বা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
তিনি বলেন, বিএনপি তাকে অপরিসীম সম্মান ও দায়িত্ব দিয়েছে। সারা জীবন সেই সম্মান অক্ষুণ্ন রাখার চেষ্টা করবেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করবেন না বলেও অঙ্গীকার করেন।
সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যাওয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, সেখানে গেলে তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের মিস করবেন। এ সময় তিনি সবার কাছে দোয়া চান।
এরপর রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য বিএনপির সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে সভায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানের পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন এবং মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার, ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল নিজেও নির্বাচনে ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হবে।
মির্জা ফখরুলের পর সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও বিএনপির সংসদ সদস্যদের মির্জা ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ দলের অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচিত হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। সে ক্ষেত্রে বুধবারের সংসদীয় দলের সভাটিই একজন সংসদ সদস্য হিসেবে তার শেষ সভা হয়ে থাকছে।
নিউজ বাংলা চ্যানেল