ঢাকা | খ্রি.

বিশ্বজুড়ে বাংলা গান ছড়িয়ে দিতে ছায়ানটের লাইভ অনলাইন ক্লাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং | Photo Card
বিশ্বজুড়ে বাংলা গান ছড়িয়ে দিতে ছায়ানটের লাইভ অনলাইন ক্লাস ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে বাংলা গান ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো সরাসরি যোগাযোগভিত্তিক অনলাইন ক্লাস চালু করেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’। ‘সঙ্গীত-পরিচয়’ নামে ছয় মাসের এই দূরশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশ-বিদেশে থাকা সংগীতপ্রেমীরা সরাসরি ছায়ানটের কাছ থেকে গান শেখার সুযোগ পাচ্ছেন।

রোববার (১৬ আগস্ট) ভার্চুয়াল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রথম ব্যাচে মোট ১২১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের ‘শিশু-কিশোর’ ও ‘সাধারণ’—দুটি শাখায় ভাগ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলার ৯৩ জন শিক্ষার্থীর পাশাপাশি বিদেশে থাকা ২৮ জনও এতে যুক্ত হয়েছেন। উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে অংশ নেওয়া এসব প্রবাসী শিক্ষার্থী প্রতি রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনলাইনে ক্লাস করছেন।

কোর্সে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও সরগম শেখানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা এই উদ্যোগকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, করোনাকালে অনলাইন ক্লাস পরিচালনার যে অভিজ্ঞতা হয়েছিল, সেটিই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক পরিসরে প্রযুক্তিগতভাবে প্রস্তুত হতে উৎসাহিত করেছে। প্রবাসী শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়েই রোববারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

ছায়ানটের সভাপতি সারওয়ার আলী বলেন, প্রযুক্তিনির্ভর বাণিজ্যিক সংস্কৃতির বিস্তারের মধ্যেও বাংলা গানের মূলধারার চর্চা ধরে রেখে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাঙালিদের শিকড় ও জাতিসত্তার সঙ্গে সংযোগ বজায় রাখাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে ছায়ানট বিদ্যায়তনের অধ্যক্ষ সেলিনা মালেক চৌধুরী এবং সংগীতশিল্পী শারমীন সাথী ইসলাম উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের স্বাগত জানান।

এদিকে প্রথম ধাপের পর আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের কার্যক্রম ‘নিবিড় শিক্ষণ’। অগ্রসর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এই পর্যায়ে সরাসরি পাঠ দেবেন লোকসংগীতে কিরণ চন্দ্র রায়, নজরুলসংগীতে খায়রুল আনাম শাকিল এবং রবীন্দ্রসংগীতে লাইসা আহমদ লিসা।

এর আগে ২০২০ সালে সন্‌জীদা খাতুনের নির্দেশনায় রেকর্ড করা ভিডিওনির্ভর ‘গানের নিবিড় পাঠ’ কার্যক্রমের মাধ্যমে ছায়ানট দূরশিক্ষণের উদ্যোগ নেয়। তবে এবারই প্রথম প্রতিষ্ঠানটি সরাসরি শিক্ষক-শিক্ষার্থী যোগাযোগের মাধ্যমে লাইভ অনলাইন ক্লাস চালু করেছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুরের’ সঙ্গে তুলনা, মোদিকে পাল্টা জব

ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুরের’ সঙ্গে তুলনা, মোদিকে পাল্টা জব