রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ০। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩২ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
ভোরের দিকে আকস্মিক কম্পন অনুভূত হওয়ায় ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। তবে স্বল্পমাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর কাছাকাছি হওয়ায় এর কম্পন ঢাকাসহ আশপাশের এলাকায় অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা চ্যানেল