শনিবার বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন। নিহত বাদশা ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের মো. জামালের ছেলে। আহত মাজেদুলও ওই গ্রামের বাসিন্দা।
আটক চারজন হলেন জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার ও দিনাজপুরের পার্বতীপুর থানার রিয়াজপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আজিমুল হক (৩৫), পাম্পকর্মী লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর বানা গ্রামের আব্দুর সামাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম সজীব (৩১), ক্ষেতলাল থানার মহব্বতপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩০) এবং জয়পুরহাট সদর থানার বেলতলা গ্রামের আছির উদ্দিনের ছেলে মো. আমজাদ আলী (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ ফিলিং স্টেশনে চুরি বা অবৈধভাবে প্রবেশের সন্দেহে বাদশা ও মাজেদুলকে আটক করা হয়। পরে তাদের একটি পোল্ট্রি খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর দুজনকে মারধর ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনা আড়াল করার উদ্দেশ্যে তাদের ক্ষেতলালের মহব্বতপুর পদ্মপুকুর এলাকার সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়।
শনিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সেখানে বাদশাকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত মাজেদুলকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
মাজেদুল ইসলাম বলেন, ‘আমরা চুরি করেছি—এ কথা বারবার অস্বীকার করলেও আমাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। অপরাধ স্বীকার করার জন্য চাপ দেওয়া হয়।’
তিনি বলেন, ‘একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। ভোরে জ্ঞান ফেরার পর দেখি, আমার পাশে বাদশার নিথর দেহ পড়ে আছে।’
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন জানান, ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাতজনকে আটক করেছিল। পরে জিজ্ঞাসাবাদে চারজনের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাদের ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরিফ হোসেন বলেন, ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিবি সূত্র জানিয়েছে, আটক সাতজনের মধ্যে বাকি তিনজনের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তাই তাদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ বাংলা চ্যানেল