ঢাকা | খ্রি.

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি, চলছে জোর আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং | Photo Card
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি, চলছে জোর আলোচনা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

 নিজেস্ব প্রতিবেদক:  রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়া ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন দাবি ঘিরে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় শাহাদাহ্ পাঠ করে ইসলাম গ্রহণ করেন সাবেক এই তারকা ফুটবলার।

তুরস্কের সংবাদমাধ্যম ‘হাবেরলার’সহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের আগে থেকেই রবার্তো কার্লোসের যোগাযোগ ছিল। পরে ব্রাজিলে তাদের সরাসরি সাক্ষাৎ হয় এবং সেখানেই তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে প্রচার করা হচ্ছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—রবার্তো কার্লোস নিজে এখনো ইসলাম গ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা সরাসরি বক্তব্য দেননি। ফলে তার ধর্মান্তরের খবরটি এখনো নিশ্চিত তথ্য নয়; বরং বিভিন্ন সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

ঘটনার সূত্রপাত হয় তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি বিষয়টি সামনে আনেন।

আলি শাহিন জানান, ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় সাও পাওলো শহরের বাসিন্দা শেখ জিহাদ হামাদার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার ভাষ্য অনুযায়ী, শেখ হামাদা বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় থাকা একজন পরিচিত ব্যক্তি।

তুর্কি এই সংসদ সদস্যের দাবি, শেখ হামাদা তাকে জানিয়েছেন—রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে কার্লোস তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং শাহাদাহ্ পাঠের মাধ্যমে ইসলামকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে কার্লোস ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবনের শুভকামনাও জানান আলি শাহিন।

এদিকে, কার্লোসের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার মধ্যেই তার ব্যক্তিজীবন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। মরোক্কান বংশোদ্ভূত ও স্প্যানিশ নাগরিক সুহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের কিছু ছবি সম্প্রতি ছড়িয়ে পড়ে।

সুহাইলা এল তাহিরি পেশায় একজন ফিফা-লাইসেন্সপ্রাপ্ত খেলোয়াড় এজেন্ট। খেলোয়াড়দের পেশাগত ক্যারিয়ার পরিচালনার পাশাপাশি ফুটবলকেন্দ্রিক বিভিন্ন প্রকল্পেও তিনি কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো নতুন করে আলোচনায় এলেও তাদের বিয়ের ঘটনা সাম্প্রতিক নয়। চলতি বছরের জানুয়ারিতে তাদের বিয়ের বিষয়টি প্রথম সামনে আসে। পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ছোট পরিসরে আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা যায়।

পেশাগত পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা কার্লোস ও সুহাইলার সম্পর্ক পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। ফুটবলকেন্দ্রিক বিভিন্ন পেশাগত কাজ ও ব্যবসায়িক কর্মকাণ্ডেও তারা একসঙ্গে যুক্ত রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে রবার্তো কার্লোসের আলাদা পরিচিতি রয়েছে। ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাফল্য অর্জনের পাশাপাশি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও দীর্ঘ সময় খেলেছেন তিনি। তার শক্তিশালী শট, দুর্দান্ত গতি ও আক্রমণাত্মক ফুটবল তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। তুরস্কের ক্লাব ফেনারবাচের হয়েও খেলেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

কার্লোসের ইসলাম গ্রহণের দাবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত তার নিজের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য না আসায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। রবার্তো কার্লোসের আনুষ্ঠানিক বক্তব্যই এই আলোচনার সত্যতা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স