নিউজ বাংলা ডেস্ক : দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য ৬৯ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে অতিরিক্ত সচিব থেকে সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত জেলা বা উপজেলার হাসপাতালের জনবল, পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন। হাসপাতাল বা প্রতিষ্ঠানপ্রধানের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়াও তাদের দায়িত্বের মধ্যে থাকবে।
পরিদর্শন কার্যক্রমে সংশ্লিষ্ট অনুবিভাগ, অধিশাখা বা শাখায় কর্মরত প্রশাসনিক কর্মকর্তা কিংবা ব্যক্তিগত কর্মকর্তারা সচিবালয়-সংক্রান্ত সহায়তা দেওয়ার জন্য পরিদর্শনকারী কর্মকর্তার সফরসঙ্গী হবেন।
দায়িত্বের অংশ হিসেবে হাসপাতালগুলোর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরাও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এ-সংক্রান্ত উপস্থিতির তথ্য ও প্রতিবেদনও জমা দিতে হবে।
এ ছাড়া জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাতৃ ও শিশুমৃত্যু কমানো, প্রবীণদের স্বাস্থ্যসেবা, পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসেবার বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। একই সঙ্গে স্বাস্থ্যসেবার উন্নয়নে কার্যকর ও উদ্ভাবনী উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, কর্মকর্তাদের নিয়মিত নির্ধারিত জেলা বা উপজেলার হাসপাতাল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পর্যবেক্ষণ ও সুপারিশ সংগ্রহ করতে হবে। এসব পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন আকারে পাঠাতে হবে। বাস্তবায়নযোগ্য সুপারিশের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে।
এ ছাড়া চলতি মাসে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অন্তত একটি হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরবর্তী সময়ে প্রতি মাসেও কমপক্ষে একটি পরিদর্শন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।