নিউজ বাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে রয়েছে ৮০৮টি মোবাইল ফোনের ডিসপ্লে ও ১২৫টি ভারতীয় শাড়ি। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।
জব্দ করা পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বুধবার (১২ আগস্ট) রাত ৩টার দিকে আখাউড়ার শ্যামনগর বিওপির একটি টহল দল আনোয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় তিন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ৮০৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ টাকা।
একই দিন রাত ১০টার দিকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির টহল দল কামালমোড়া এলাকায় আরেকটি অভিযান চালায়। সেখানে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ১২৫টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, ভারত থেকে অবৈধভাবে আনা এসব পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।