নিজস্ব প্রতিবেদক
বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া বা বেটিং সাইটের মাধ্যমে অর্থ লেনদেন ও পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাজশাহী ও ঝিনাইদহে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—নড়াইলের সৈয়দ জামান (২৭) ও যশোরের রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)। বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সিআইডি জানায়, সাইবার মনিটরিংয়ের সময় দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং সাইটের কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সাইটের বিজ্ঞাপন প্রচারের তথ্য পাওয়া যায়। এসব সাইটে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং এবং অনলাইন ক্যাসিনো পরিচালনা করা হচ্ছিল।
তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করতেন। পরে এসব হিসাব বেটিং সাইটের সঙ্গে যুক্ত করে জুয়ার অর্থ গ্রহণ ও উত্তোলন করা হতো। কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে সিআইডি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ জামান রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে। দুই আসামিই নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিমের পাশাপাশি অন্যদের সিম সংগ্রহ করে বেটিং সাইটে যুক্ত এবং অর্থ জমা ও উত্তোলন কার্যক্রম নিয়ন্ত্রণে জড়িত ছিলেন বলে জানিয়েছে সিআইডি।
সিআইডি আরও জানায়, এ মামলায় এর আগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। চক্রটির দেশি-বিদেশি সহযোগী, এজেন্ট এবং অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক ও এমএফএস হিসাবের মালিকদের শনাক্তে তদন্ত চলছে।
গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল