ঢাকা | খ্রি.

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং | Photo Card
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন শরীফ। হামলাকারীরা তার ব্যবহৃত প্রাইভেটকারটিও ভাঙচুর করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে শরিফুল ইসলাম শরীফ নিজ প্রাইভেটকার চালিয়ে জয়নগরে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির পর গাড়িটি থেমে গেলে হামলাকারীরা শরীফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার প্রাইভেটকারে ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

হামলায় গুরুতর আহত শরীফকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শরীফ লেখেন, ‘এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। যদি মারা যাই, তবে সবাইকে ক্ষমা করে দিলাম।’ তার এই পোস্ট ঘিরে দলীয় নেতাকর্মী ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদের (জাসাস) সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, দুর্বৃত্তদের হামলায় শরিফুল ইসলাম শরীফ গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরীফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত। সম্প্রতি উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরই মধ্যে শরীফের ওপর হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বিশ্বকাপে উঠে গেল মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও

বিশ্বকাপে উঠে গেল মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও