ঢাকা | খ্রি.

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়ের পরলোকগমন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং | Photo Card
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়ের পরলোকগমন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বর্ষীয়ান রাজনীতিবিদ সতীশ চন্দ্র রায় আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯টা ৩৫ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে অরবিন্দ রায়। তিনি জানান, সতীশ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সতীশ চন্দ্র রায় ছিলেন দেশের প্রবীণ রাজনীতিবিদদের অন্যতম। মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রথম মন্ত্রিসভায় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিরল উপজেলার মোস্তফাবাদ এলাকার পারিবারিক শ্মশানে সতীশ চন্দ্র রায়ের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

নিজস্ব প্রতিবেদক


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স