বাংলাদেশ দলের ম্যানেজার নাফীস ইকবাল জানিয়েছেন, প্রথম টেস্ট জয়ের পর বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন তিনি। তাঁর মতে, এতগুলো দেশের শুভেচ্ছা পাওয়াই প্রমাণ করে এই জয়ের গুরুত্ব কতটা বড়।
নাফীস বলেন, শ্রীলংকা ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অভিনন্দন এসেছে। আফগানিস্তানসহ যেসব দেশে বাংলাদেশ দল খেলতে গেছে কিংবা যেসব জায়গায় দলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, সেসব জায়গা থেকেও শুভেচ্ছা পেয়েছেন তারা।
অস্ট্রেলিয়ার ডারউইন তুলনামূলকভাবে ছোট শহর। সিডনি বা ব্রিসবেনের মতো বড় শহরের তুলনায় সেখানে বাঙালি কমিউনিটিও ছোট। তারপরও বাংলাদেশ দলের খেলা দেখতে স্থানীয় বাঙালি কমিউনিটি এবং শিক্ষার্থীদের বড় ধরনের সমর্থন পেয়েছে দলটি।
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাফীস বলেন, ডারউইনে বসবাসকারী অনেক শিক্ষার্থী ও কমিউনিটির মানুষ দলকে অসাধারণ সমর্থন দিয়েছেন। কেউ কাজ থেকে সময় নিয়েছেন, আবার কেউ ছুটি নিয়ে বাংলাদেশকে সমর্থন করতে মাঠে এসেছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশের এই জয় অস্ট্রেলিয়াতেও সম্মানের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান নাফীস। তাঁর মতে, অস্ট্রেলিয়ানদের কাছে টেস্ট ক্রিকেটের বিশেষ গুরুত্ব থাকায় বাংলাদেশের সাফল্যের পর সেই সম্মান আরও বেড়েছে।
নাফীস বলেন, সকালে নাশতা করতে যাওয়া কিংবা পথে যাদের সঙ্গে দেখা হয়েছে, তারা বাংলাদেশ দলের টেস্ট খেলতে আসার বিষয়টি সম্মানের সঙ্গে দেখেছেন। অস্ট্রেলিয়ানরা টেস্ট ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বাংলাদেশের জয়ের পর সেই সম্মান আরও বৃদ্ধি পেয়েছে।
সামনের ম্যাচ নিয়ে সতর্কও নাফীস। তাঁর মতে, চাপের পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দলের আসল শক্তি প্রকাশ পায়। তাই পরবর্তী চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য কঠিন হবে। একই সঙ্গে এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়, সেটিও দলের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হবে।
নিজেদের প্রক্রিয়া ঠিকভাবে অনুসরণ করতে পারলে ভালো কিছু করার আশা করছেন নাফীস। ডারউনে পাওয়া জয় ইতোমধ্যেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে গেছে। এখন সেই সাফল্যকে আরও বড় করার সুযোগ অপেক্ষা করছে সামনে।
নিউজ বাংলা চ্যানেল