বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চূড়ান্ত করার বিষয়েই মন্ত্রণালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।
খসড়া রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। এরপর ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
আগের নিয়মের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে। আবেদন শেষে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তাদের জন্য আসন বরাদ্দ দেওয়া হবে।
এদিকে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিতভাবে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ৬ হাজার ৯ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ; এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।
নিউজ বাংলা চ্যানেল