নিউজ বাংলা ডেস্ক: হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে কোনো শক্তি সামরিকভাবে এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেই। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকিও প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি-এজেই হরমুজ প্রণালিকে ইরানের ‘মালিকানাধীন ও নিয়ন্ত্রিত’ জলপথ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, আন্তর্জাতিক আইন ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই হরমুজ প্রণালির ওপর ইরানের অধিকার রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, তেহরানের অবস্থান চ্যালেঞ্জ করে কোনো ‘আগ্রাসী’ দেশ বা সামরিক বাহিনী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে তাদের পরাজয় নিশ্চিত। ইরান এ ধরনের যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও ইঙ্গিত দেন তিনি।
মোহসেনি-এজেই আরও বলেন, সামরিকভাবে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি, শুধু বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে তা অর্জন করা সম্ভব নয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এই কঠোর সতর্কবার্তা দেওয়া হলো।
নিউজ বাংলা চ্যানেল