ঢাকা | খ্রি.

আইসিসিবিতে আন্তর্জাতিক বস্ত্র ও পোশাক প্রদর্শনীতে ব্যবসায়ীদের ভিড়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং | Photo Card
আইসিসিবিতে আন্তর্জাতিক বস্ত্র ও পোশাক প্রদর্শনীতে ব্যবসায়ীদের ভিড় ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে চার দিনব্যাপী আন্তর্জাতিক সুতা, বস্ত্র ও পোশাকসামগ্রীর প্রদর্শনী। ছুটির দিন শুক্রবার প্রদর্শনীতে দেশি-বিদেশি তৈরি পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক ও বায়িং হাউসের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।

‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ শো-২০২৬’-এ দেশি-বিদেশি ১৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি ও পোশাকশিল্পের বিভিন্ন উপকরণ প্রদর্শন করছে।

প্রদর্শনী ঘুরে দেখা যায়, ওভেন ও নিট পোশাকের জন্য বিভিন্ন ধরনের সুতা, ব্লেন্ডেড সুতা, উল, স্যুট, প্রিন্টেড ফেব্রিক, স্পোর্টস ও হোম টেক্সটাইলের পাশাপাশি নানা ধরনের পোশাকের অ্যাকসেসরিজ প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে টেক্সটাইল প্রক্রিয়াজাতকরণের আধুনিক কেমিক্যাল, এমব্রয়ডারি ও হট স্ট্যাম্পিংয়ের মতো প্রযুক্তির মেশিনও তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন স্টলে দেশি-বিদেশি ব্যবসায়ী ও প্রতিনিধিদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ঝেজিয়াং সানজিয়া জিপার টেকনোলজি কোম্পানি লিমিটেডের (এসএএ) বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মশিউর রহমান বাঁধন বলেন, তাদের প্রতিষ্ঠান টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের জন্য মেটাল, নাইলন ও প্লাস্টিক জিপারসহ বিভিন্ন গার্মেন্টস ট্রিমস ও অ্যাকসেসরিজ উৎপাদন এবং সরবরাহ করে। প্রদর্শনীতে তারা ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।

উজিয়াং হাওলেই টেক্সটাইল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার টনি জানান, তাদের প্রতিষ্ঠান গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের জন্য বিভিন্ন ধরনের উচ্চমানের ফেব্রিক তৈরি করে। চীনে থাকা নিজস্ব কারখানায় উৎপাদিত এসব পণ্য সরবরাহ করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন ক্রেতা তাদের পণ্য সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন বলেও জানান তিনি।

জিয়াক্সিং বিএফবি জিপার কোম্পানি লিমিটেডের বাংলাদেশ লিয়াজোঁ অফিসের মার্কেটিং ম্যানেজার মো. সাইফুল ইসলাম (অরিন) জানান, গার্মেন্টস অ্যাকসেসরিজের ক্ষেত্রে তারা ওয়ান-স্টপ সমাধান দিয়ে থাকেন। জিপার, বোতাম, লেবেল ও পুলারসহ বিভিন্ন ধরনের উন্নতমানের ক্লথিং অ্যাকসেসরিজ উৎপাদন ও সরবরাহ তাদের মূল কার্যক্রম।

প্রদর্শনীতে সরাসরি বিদেশি প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ এবং প্রযুক্তি বিনিময়ের সুযোগ পাচ্ছেন দর্শনার্থী ও ব্যবসায়ীরা। টঙ্গী থেকে আসা কবির হোসাইন জানান, পোশাক কারখানার জিপারের প্রয়োজনেই তিনি প্রদর্শনীতে এসেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের জিপার দেখার পর ম্যানেজারকে সঙ্গে নিয়ে এসে অর্ডার করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আয়োজক সংস্থা এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস জানিয়েছে, প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শনার্থীরা বিদেশি প্রস্তুতকারক ও প্রযুক্তি সরবরাহকারীদের কাছ থেকে তৈরি পোশাক খাতের সাম্প্রতিক আন্তর্জাতিক প্রবণতা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারছেন।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর শেষ দিন আগামীকাল রবিবার।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
শান্তি চুক্তি যুদ্ধ অবসানের ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়: ট্রাম্প

শান্তি চুক্তি যুদ্ধ অবসানের ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়: ট্রাম্প