দীর্ঘ সময় সমুদ্রে থাকার পাশাপাশি পচা খাবার, অপরিচ্ছন্ন বাথরুম, সুপেয় পানির সংকট ও নষ্ট শৌচাগারের মতো সমস্যায় সেনাদের ভুগতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কয়েকজন সেনাসদস্য সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানিয়েছে ‘মিলিটারি টাইমস’।
গত বৃহস্পতিবার সান দিয়েগোতে এ নিয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাওয়ের সামনে জাহাজে থাকা সেনাদের প্রায় ২০০ স্বজন তাদের ক্ষোভ ও উদ্বেগ তুলে ধরেন।
শুনানিতে এক সেনাসদস্যের স্ত্রী জানান, তার স্বামী সাগরে ঝাঁপ দেওয়ার দিন তাকে বার্তা পাঠিয়ে বলেছিলেন, ‘তিনি আশা করেন কাল সকালে যেন তার আর ঘুম না ভাঙে!’ আরেক স্বজন অভিযোগ করেন, নৌবাহিনীর এ ধরনের সিদ্ধান্তের কারণে নেতৃত্বের সঙ্গে সাধারণ সেনাদের পরিবারগুলোর দীর্ঘদিনের আস্থা ভেঙে গেছে।
‘মিলিটারি টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বারবার মোতায়েনের সময় বাড়ানোর কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আনাবেল লোমা নামের এক নারীর স্বামী জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আনাবেল জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছেন। একই সঙ্গে ১৩ বছরের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
আরেকটি ঘটনায়, এক নৌসেনা তার এক সহকর্মীকে সাগরে ঝাঁপ দেওয়া থেকে টেনে ধরে প্রাণে বাঁচান বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে প্রশান্ত মহাসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। কিন্তু মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর যুদ্ধজাহাজটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। এরপর থেকে টানা নয় মাস তারা সমুদ্রে অবস্থান করছে।
এই সময়ে মাত্র দুবার অল্প সময়ের জন্য ডাঙায় নামার সুযোগ পেয়েছেন জাহাজের সেনারা। ডিসেম্বর মাসে গুয়ামে এবং জুলাইয়ে ওমানে দুই দিনের জন্য তারা স্থলে যাওয়ার সুযোগ পান। মে মাসে দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তাদের মোতায়েনের সময় বারবার বাড়ানো হয়েছে। বর্তমানে ইরানবিরোধী সামরিক অভিযানের পঞ্চম মাসে রয়েছে বিমানবাহী রণতরিটি।
দীর্ঘ সমুদ্রযাত্রার পাশাপাশি জাহাজটির জীবনযাত্রার মান নিয়েও অভিযোগ উঠেছে। ডেমোক্রেটিক কংগ্রেসমেম্বার মাইক লেভিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাহাজটির পরিস্থিতি তুলে ধরেছেন। তার দাবি অনুযায়ী, সেখানে ছত্রাক আক্রান্ত বাথরুম, দীর্ঘদিন ধরে অকেজো টয়লেট ও ওয়াশিং মেশিন রয়েছে। গরম পানিরও তীব্র সংকট চলছে।
লেভিনের বর্ণনা অনুযায়ী, খাবারের ক্ষেত্রেও সংকট রয়েছে। সেনাদের কখনো মাত্র আধা কাপ ভাত ও দুটি রুটি দেওয়া হচ্ছে। পাশাপাশি সাবান, টুথপেস্ট ও ডিওডোরেন্টের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতিও দেখা দিয়েছে।
এর আগে এপ্রিল মাসে নিম্নমানের খাবার ও পানির সংকটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ সেগুলোকে ‘ফেক নিউজ’ বলে প্রত্যাখ্যান করেছিলেন।
তবে এবার হেগসেথের সেই অবস্থানের সমালোচনা করেছেন মাইক লেভিন। তিনি বলেন, দেশের সেবায় নিয়োজিত তরুণ-তরুণীদের ন্যূনতম সুযোগ-সুবিধা হিসেবে একটি ভালো টয়লেট, গরম পানি এবং পর্যাপ্ত ভালো খাবার পাওয়া উচিত। লেভিনের অভিযোগ, হেগসেথ সেই ন্যূনতম ব্যবস্থাও নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং এরপরও সেনাদের স্বজনদের সামনে তাদের মিথ্যাবাদী বলছেন।
নিউজ বাংলা চ্যানেল