ঢাকা | খ্রি.

ইনফান্তিনোকে সরালে ‘ভয়াবহ ভুল’ হবে, ফিফাকে ট্রাম্পের সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
ইনফান্তিনোকে সরালে ‘ভয়াবহ ভুল’ হবে, ফিফাকে ট্রাম্পের সতর্কবার্তা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে পদ থেকে সরানোর কোনো উদ্যোগ নিলে তা সংস্থাটির জন্য ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির প্রতি এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসাও করেছেন তিনি।

সোমবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যেকোনো কারণেই হোক না কেন, প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে পদচ্যুত করার কথা চিন্তাও করলে ফিফা এক ভয়াবহ ভুল করবে।’

ইনফান্তিনোর ভূয়সী প্রশংসা করে ট্রাম্প তাকে ‘চমৎকার’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ইনফান্তিনোর নেতৃত্বেই এখন পর্যন্ত সবচেয়ে সফল এবং চার গুণ বড় বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়েছে। ট্রাম্প আরও বলেন, ‘তিনি পদচ্যুত হলে ফিফা আর কখনো এতটা সফল বা লাভজনক জায়গায় পৌঁছাতে পারবে না।’

এদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া চাপের মধ্যে গত সপ্তাহে নিজেদের ব্যর্থ পরিকল্পনার জন্য দুঃখপ্রকাশ করেছে ফিফা। মরক্কোয় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ফিফা এক বিজ্ঞপ্তিতে জানায়, বিতর্কিত প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির সততা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানানো হয়। ফিফার সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বকাপ ফুটবলের মালিকানার একটি অংশ বেসরকারি ইক্যুইটি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ পরিকল্পনাকে ঘিরেই মূলত চাপের মুখে পড়েছেন ইনফান্তিনো।

এ নিয়ে সোমবার ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা), উত্তর ও মধ্য আমেরিকা ফুটবল সংস্থা (কনকাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে একটি খোলা চিঠি দেয়। সেখানে প্রস্তাবিত পরিকল্পনাটিকে ফিফার ওপর ‘আস্থার চরম বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করা হয়।

চিঠিতে তিন সংস্থা সতর্ক করে বলে, ‘যখন ছলচাতুরীর মাধ্যমে আস্থায় ফাটল ধরে এবং কোনো ব্যক্তি নিজেকে অর্পিত ক্ষমতার চেয়ে বড় ভাবতে শুরু করেন, তখন সেই দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়ে যায়।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স